কাহারোল(দিনাজপুর)প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ মতিউর রহমান জনতার প্রত্যাশা ও উন্নয়ন ভাবনাকে সামনে রেখে বলেন, সুশাসন ও শান্তির মাধ্যমে একটি পরিবর্তনশীল, উন্নত ও আধুনিক কাহারোল ও বীরগঞ্জ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
তিনি বলেন, বেকারত্ব দূর করতে লোক দেখানো বেকার ভাতা নয়, বরং প্রশিক্ষণভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিই হবে তার উন্নয়ন দর্শনের কেন্দ্রবিন্দু। দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের উৎপাদনশীল শক্তিতে রূপান্তর করে একটি আত্মনির্ভরশীল জনপদ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
মোঃ মতিউর রহমান আরও বলেন, কাহারোল ও বীরগঞ্জ উপজেলার প্রধান সড়কসমূহ প্রশস্তকরণ, সকল কাঁচা রাস্তা পাকাকরণ এবং কাহারোল উপজেলাকে পৌরসভায় উন্নীত করা হবে। পাশাপাশি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হবে।
তিনি উন্নত চিকিৎসা ব্যবস্থা, কৃষক ও শ্রমিকদের ন্যায্য অধিকার ও কল্যাণ, সামাজিক নিরাপত্তা জোরদার করা এবং সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তরুণদের ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর আধুনিক উন্নয়ন ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
৩১ জানুয়ারি (শনিবার) সন্ধ্যায় কাহারোল উপজেলার ৪ নং তাড়গাঁও ইউনিয়নের বোগদইর বাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ সামসুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাকসহ এনসিপি, যুব সমাজ ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।


















