নিজস্ব প্রতিবেদক, মিরর বাংলা নিউজ:
দিনাজপুরের বীরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র’ এবং ‘ভারসাম্যপূর্ণ অর্থনীতি, কল্যাণমুখী রাজনীতি ও শরিয়াহভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বীরগঞ্জ-ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন তাজমহল মোড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মাসউদুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা সোহরাব হোসাইন।
প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মুফতি খাইরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক (১) হাফেজ মাহদী হাসান এবং আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. চাঁন মিয়া।

সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম বলেন, প্রচলিত রাজনীতির প্রতি মানুষের আস্থা কমেছে। দুর্নীতি, বৈষম্য ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ইসলামী শাসনতন্ত্রের প্রয়োজন রয়েছে। ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলামী নীতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তা অধ্যক্ষ মুফতি খাইরুজ্জামান বলেন, দেশে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে। ধনী-দরিদ্রের ব্যবধান কমাতে ভারসাম্যপূর্ণ অর্থনীতি ও জনকল্যাণমুখী রাজনীতি প্রয়োজন। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে এই বৈষম্য দূর করার কথা তুলে ধরেন তিনি।
বিশেষ অতিথিরা বলেন, শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, দেশের প্রয়োজন নীতির পরিবর্তন। জনকল্যাণ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় শরিয়াহভিত্তিক রাষ্ট্রব্যবস্থার কথা তুলে ধরে তারা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনের শেষপর্বে কর্মীদের প্রত্যক্ষ ভোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ বীরগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। এতে হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম পুনরায় সভাপতি এবং মাওলানা মাসউদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।


















