বীরগঞ্জ,(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় জাহিদ হোসেন (৮) নামে এক শিক্ষার্থী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২.০০ ঘটিকার সময় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের বলরামপুর দাখিল মাদ্রাসার উত্তর পাশে সড়কের ওপর। স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা দিয়ে চলাচলের সময় একটি মাঝারি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত জাহিদ হোসেন (৮) বলরামপুর গ্রামের বাসিন্দা। সে মোহাম্মদ আকাশের ছেলে এবং স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল।
দুর্ঘটনার পরপরই বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত একটি মাঝারি ট্রাক জব্দ করে এবং চালক মোঃ আলামিন হোসেন (২৬) কে আটক করে। আটককৃত চালক মোঃ মোতালেব হোসেনের ছেলে। তার বাড়ি আউলাপুরি গ্রামে এবং তিনি বীরগঞ্জ থানার বাসিন্দা।
পুলিশ জানায়, জব্দকৃত ট্রাকটি থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


















