বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়(২৯ জানুয়ারি) বৃহস্পতিবার গোলাপগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর জেলার উদ্যোগে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলার সহকারী পরিচালক জনাব মোঃ বোরহানউদ্দিন।
অভিযানকালে সংশ্লিষ্ট আইনের ৩৮ ধারায় মূল্য তালিকা প্রদর্শন না করায় মুসলিম হোটেলকে ১,০০০ টাকা, দুলাল হোটেলকে ৭০০ টাকা, সূর্য হোটেলকে ৫০০ টাকা এবং মেসার্স তানভীর ট্রেডার্সকে ১,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করায় সাহা কসমেটিক্সকে ১,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
এ অভিযানে মোট ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪,২০০ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন মোঃ ফরিদ বিন ইসলাম (এসআই/এফএসআই), বীরগঞ্জ থানার মোঃ হারুন অর রশিদ (এসআইটি) এবং জেলা পুলিশের সদস্যবৃন্দ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


















