ইসমাইল ইসলাম শাকিল,স্টাফ রিপোর্টারঃ
অতীতের ফ্যাসিবাদের চেয়েও নব্য ফ্যাসিবাদ আরও ভয়ংকর হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জেলা আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
R tv ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, তিনি বলেন সর্বশেষ জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা ও ভোটাধিকার ক্ষুণ্ন করা হয়েছে। সাবেক একজন উপদেষ্টা ও বর্তমান সরকারের একজন মন্ত্রীর বক্তব্য থেকেও নির্বাচনী অনিয়মের বিষয়টি স্পষ্ট হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, সংবিধান ইচ্ছেমতো সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার চেষ্টা করা হচ্ছে। সংসদে বিরোধীদলের কণ্ঠরোধ করা হচ্ছে এবং জনগণের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আলোচনার সুযোগ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
জামায়াত আমির বলেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে দুর্বল করে ফেলা হচ্ছে এবং এতে করে রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জনগণের উদ্দেশে তিনি আহ্বান জানান, দেশের স্বার্থ ও সম্পদ রক্ষায় সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে। একই সঙ্গে তিনি জানান, জনগণের অধিকার আদায়ে রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।
গণমাধ্যম কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সত্যকে বিকৃত না করে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। বক্তব্য আংশিক না দিয়ে সম্পূর্ণভাবে প্রকাশ করারও আহ্বান জানান তিনি।


















