সাতক্ষীরা জেলা প্রতিনিধি জি এম রাজু আহমেদ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার সাধারণ সভা ঝাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছর মেয়াদের জন্য ১৫ সদস্যবিশিষ্ট একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
সংস্থার বিভিন্ন দপ্তরের ১১ থেকে ১৬তম গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক জনাব জি. এম. গোলাম রব্বানী। সাধারণ সম্পাদক নির্বাচিত হন উপজেলা পরিষদের সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর জনাব মোঃ আকবর হোসেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ সাদ্দাম হোসেন।
অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব নূরালী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মোদাচ্ছের বিল্যাহ এবং শ্যামনগর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব এস. এম. আহসান হাবীব।
সভায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পারস্পরিক পেশাগত উন্নয়ন, অধিকার আদায় এবং সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নতুন কমিটি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করে।


















