আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোলে তথ্য অধিকার আইনে তথ্য চাইতে গিয়ে দুই সাংবাদিককে একটি সমবায় সমিতির কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে সমিতির ব্যবস্থাপকের বিরুদ্ধে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে পুলিশ ও প্রশাসনের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কাহারোল উপজেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধিত ‘অগ্রণী কৃষি সমবায় সমিতি’র কার্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী সাংবাদিকরা হলেন দৈনিক আমার সংবাদ ও দ্য বাংলাদেশ টুডে-এর কাহারোল উপজেলা প্রতিনিধি এবং দৈনিক খবর একদিন-এর স্টাফ রিপোর্টার মো. রশিদুল ইসলাম ও দৈনিক যায়যায়দিন-এর কাহারোল উপজেলা প্রতিনিধি সুকুমার রায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী ‘ক’ ফরমে অগ্রণী কৃষি সমবায় সমিতির বিভিন্ন কার্যক্রম ও অনিয়মসংক্রান্ত তথ্য চেয়ে লিখিত আবেদন করতে যান ওই দুই সাংবাদিক।
অভিযোগ রয়েছে, আবেদনপত্র গ্রহণ না করে সমিতির ব্যবস্থাপক প্রার্থনা রায় তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে কার্যালয়ের প্রধান দরজা ভেতর থেকে বন্ধ করে তাদের অবরুদ্ধ করে রাখা হয়।
এ সময় সাংবাদিকরা মুঠোফোনে বিষয়টি কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেদা খাতুন মীমকে জানান। পরে ইউএনওর হস্তক্ষেপে পুলিশ ও প্রশাসনের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুই সাংবাদিককে উদ্ধার করে।
ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও নিন্দা দেখা দিয়েছে। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের অবরুদ্ধ করা এবং তথ্য পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তবে অভিযোগের বিষয়ে সমিতির ব্যবস্থাপক প্রার্থনা রায়ের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


















