দিনাজপুরের বীরগঞ্জে আলোর ভুবন সামাজিক সংঘ ও টিএমএসএস করিমপুর ফাতেমাতুজ জোহরা (রাঃ) হাসপাতালের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম। সভাপতিত্ব করেন আহসান হাবীব শাহীন।
প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম বলেন, বীরগঞ্জ ও কাহারোল উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় পর্যায়ক্রমে এ ধরনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন টিএমএসএস করিমপুর ফাতেমাতুজ জোহরা (রাঃ) হাসপাতালের পরিচালক চিকিৎসক নাজমুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, আক্কাস আলী, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম মাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, নিজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস এবং উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন উপস্থিত ছিলেন।
এছাড়া আলোর ভুবন সামাজিক সংঘের নেতৃবৃন্দ, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং চিকিৎসাসেবা নিতে আসা বিপুলসংখ্যক নারী-পুরুষ ক্যাম্পে অংশ নেন।


















