মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে পুজামন্ডপের সার্বিক নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সকালে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়ন থেকে সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তি জানানো হয়, দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধীন দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার ৯৯ কিলোমিটার সীমান্ত এলাকায় ব্যাটালিয়ন সদরের ২-৩ কিলোমিটারের মধ্যে দিনাজপুর শহর এলাকায় ২২টি, দিনাজপুর জেলার বিরল ও বোচাগঞ্জ উপজেলাধীন সীমান্ত এলাকায় ২৩টি এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুর উপজেলার সীমান্ত এলাকায় ৪১টিসহ সর্বমোট ৮৬টি পূজামণ্ডপ চিহ্নিত করা হয়েছে।
যার মধ্যে ৬৪টি পূজামন্ডপই আন্তর্জাতিক সীমারেখার খুব নিকটে অবস্থিত। এ প্রেক্ষাপটে পূজার সময়সীমাজুড়ে মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েনের মাধ্যমে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে করে কোন ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে এবং হিন্দু সম্প্রদায়ের মানুষজন যেন তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করতে পারেন।

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিফলন। সনাতন ধর্মাবলম্বী ভাইবোনেরা যেন নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।

বিশেষ করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজরদারি এবং যেকোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ ক্ষেত্রে তিনি গুজবে কান না দেয়া, যাচাই না করে কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক কোনো বিষয় নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সকলকে আহবান জানান।
উল্লেখ্য, শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬ তারিখ থেকে শুরু হয়ে ২১ অক্টোবর ২০২৬ তারিখ প্রতিমা বিসর্জনের মাধ্যমে এই ধর্মীয় উৎসবের পরিসমাপ্তি ঘটবে। এবারে দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় ১৩১৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।


















