মো. মোজাম্মেল হক,বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও উপকারভোগীদের মাঝে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন, বীরগঞ্জের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে শিক্ষা বৃত্তির অর্থ, বাইসাইকেল ও সেলাই মেশিন তুলে দেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারের বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার প্রসার, দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে নির্বাচিত উপকারভোগীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।


















