স্টাফ রিপোর্টার, রংপুর কারমাইকেল ক্যাম্পাস প্রতিনিধিঃ
রংপুরের কারমাইকেল কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ নাহিদ ইসলাম বহিরাগত সন্ত্রাসীদের হাতে অতর্কিত হামলার শিকার হয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) কলেজের সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বাজারে যাওয়ার পথে নাহিদ ইসলাম একটি অশালীন ঘটনার সাক্ষী হন।
সেখানে এক ছেলে ও মেয়ে অশোভন আচরণে লিপ্ত ছিল। এ সময় তিনি তাদের এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বললে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে বহিরাগতদের ডেকে এনে ক্যাম্পাসে তার ওপর ন্যক্কারজনক হামলা চালানো হয়।
গুরুতর আহত অবস্থায় নাহিদ ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কারমাইকেল কলেজ শাখার সভাপতি মোঃ মাহমুদুল হক ও সেক্রেটারি মোঃ মাজেদুল ইসলাম।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কলেজ প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার, কলেজ গেট নির্মাণসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে, সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত বিচার ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


















