আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে হাসপাতাল চত্বরে মেশিনটির উদ্বোধন করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ টাকা সরকারি ফিতে ডিজিটাল এক্স-রে সেবা পাওয়া যাবে।
এতদিন এ সুবিধা না থাকায় রোগীদের বাইরে গিয়ে অতিরিক্ত খরচে এক্স-রে করাতে হতো।
উদ্বোধনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















