বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নীলফামারী জেলা বিক্রয় প্রতিনিধি জোটের সদস্য মো. মাসুমের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের দিনাজপুর জেলা শাখা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় বীরগঞ্জে মাসুমের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় তার চিকিৎসার জন্য পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।জানা গেছে, মো. মাসুম নীলফামারীতে প্রাণ গ্রুপে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত।
প্রায় ১৫ দিন আগে নীলফামারী থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি বীরগঞ্জে ফেরার পথে খানসামা ঘাটপাড় এলাকায় রাইয়ান ফিলিং স্টেশনের সামনে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।দুর্ঘটনায় মাসুমের চোয়াল ও দাঁতের মাড়িতে গুরুতর আঘাত লাগে। মাড়ির দাঁত নড়ে যাওয়ায় তার দাঁত ও মাড়ির মারাত্মক ক্ষতি হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে মাড়ির চিকিৎসা করা হয়। অস্ত্রোপচারের পর প্রায় পাঁচ দিন পর তিনি কথা বলতে সক্ষম হন।
এছাড়া দুর্ঘটনায় তার ডান হাত ভেঙে যায়। বর্তমানে অস্ত্রোপচারের পর হাতে সার্জিক্যাল প্লাস্টার করা হয়েছে। ঘাড়েও গুরুতর আঘাত পেয়েছেন তিনি। পাশাপাশি চোখে মারাত্মক আঘাত লাগায় চোখের ভ্রুতে সেলাই দিতে হয়েছে।
বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলমান রয়েছে।দীর্ঘ চিকিৎসায় বিপুল অর্থ ব্যয় হওয়ায় আর্থিক সংকটে পড়েছে মাসুমের পরিবার।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার চিকিৎসা ব্যয় বহন করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট।
সোমবার রাতে মাসুমের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেন সংগঠনের নেতৃবৃন্দ। তার চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভাগীয় নির্বাচন কমিশনার মো. সারোয়ার হোসেন বাবু, দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. কামরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক সন্দ্বীপ বৈশ্য, সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম রানা, দিনাজপুর শহর শাখার সভাপতি মো. আহসান হাবীব শাওন, ঠাকুরগাঁও জেলা সভাপতি মো. ফিরোজুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. সেলিম রেজা, কাহারোল উপজেলা সভাপতি মো. আলমগীর হোসেন, বোচাগঞ্জ উপজেলা সভাপতি মো. সায়েম ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।এছাড়াও বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মো. শাহীন আলম, ২১ সদস্যের উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. কামরুজ্জামান মিলন বলেন,আমরা ২৯ লাখ সদস্যের একটি পরিবার। বিক্রয় প্রতিনিধিদের অধিকার নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের পরিবারের কোনো সদস্য বিপদে পড়লে সবার আগে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। মাসুমের দুর্ঘটনার খবর পাওয়ার পর তার খোঁজখবর নিতে আমরা তার বাসায় এসেছি এবং চিকিৎসার জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করেছি।
বিভাগীয় নির্বাচন কমিশনার মো. সারোয়ার হোসেন বাবু বলেন,বিক্রয় প্রতিনিধিদের অধিকার আদায়ের পাশাপাশি কোনো সদস্য বিপদে পড়লে আমরা সম্মিলিতভাবে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। মাসুমের এই কঠিন সময়ে তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।
দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সন্দ্বীপ বৈশ্য বলেন,আমরা বিক্রয় প্রতিনিধিরা একে অপরকে ভাই হিসেবে দেখি। কারও কোনো বিপদ হলে সবাই মিলে তার পাশে দাঁড়াই। আজ সারাদিন অফিসের কাজ শেষ করে আমাদের ভাই মাসুমের খোঁজ নিতে বীরগঞ্জে এসেছি। তার বাবার হাতে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আর্থিক সহযোগিতা তুলে দিয়েছি। তার সব চাহিদা হয়তো পূরণ করা সম্ভব হবে না, তবে এই সহযোগিতা মাসুমের চিকিৎসার ব্যয় কিছুটা হলেও সহজ করবে।
ঠাকুরগাঁও জেলা সভাপতি মো. ফিরোজুল ইসলাম বলেন,বিক্রয় প্রতিনিধি জোটের সদস্যরা একে অপরের ভাই। আমরা সবসময় একে অপরের পাশে আছি। বিপদে পড়লে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা অব্যাহত থাকবে।
বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মো. শাহীন আলম মাসুমের দ্রুত সুস্থতা কামনা করে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. সেলিম রেজা বলেন,মাসুম দুর্ঘটনায় আহত হওয়ার পর এর আগেও আমরা তার বাসায় এসে খোঁজখবর নিয়ে গেছি। আজও আমার আহ্বানে দিনাজপুর জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও জেলা সভাপতি, কাহারোল উপজেলা সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে এসেছেন।
এজন্য বীরগঞ্জ উপজেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা সবাই মিলে মাসুমের চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছি।
মাসুমের বাবা মো. আক্তারুল ইসলাম বলেন,আমার ছেলে দুর্ঘটনায় আহত হওয়ার পর বিক্রয় প্রতিনিধি জোটের সদস্যরা আমাদের বাসায় এসে খোঁজখবর নিয়েছেন। তারা আর্থিকভাবেও যতটুকু পেরেছেন সহযোগিতা করেছেন। তারা আমার ছেলের মতোই।
ছেলের বিপদের সময়ে সবাইকে পাশে পেয়ে আমি খুব খুশি। আমি বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সংগঠনের নেতৃবৃন্দ মাসুমের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার চিকিৎসা সম্পন্ন না হওয়া পর্যন্ত সামর্থ্য অনুযায়ী পাশে থাকার আশ্বাস দেন।


















