নিজস্ব প্রতিবেদক, বীরগঞ্জ (দিনাজপুর):
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার ৯নং সাতোর ইউনিয়নের উদ্যোগে সংগঠনের ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সাংগঠনিক বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে শুক্রবার (৩১ জুলাই) সকালে সাতোর ইউনিয়নে এক সামষ্টিক ভোজ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি ক্বারী মো. নাজিবুর রহমান নাজিব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মো. মঞ্জুরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. হামিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৯নং সাতোর ইউনিয়ন শাখার আমির মো. আমির হামযা এবং সাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাসির উদ্দীন সরকার সোহেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৯নং সাতোর ইউনিয়ন শাখার সভাপতি মো. আব্দুল মালেক। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন শাখার সেক্রেটারি আব্দুল ওয়াকিল।
বক্তারা বলেন, ইসলামী শ্রমনীতির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নৈতিকতা ও আদর্শিক চেতনার বিকাশ এবং একটি আদর্শভিত্তিক সমাজ গঠনে শ্রমিকদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক শৃঙ্খলা জোরদারের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। এ লক্ষ্য অর্জনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা শেষে দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সামষ্টিক ভোজে অংশগ্রহণ করেন।


















