মোঃ আলি উল্লাহ,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
দেশজুড়ে প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের খবরে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে এ চার্জ নিয়ে ভোগান্তি ও অসন্তোষের কথা জানিয়ে আসছিলেন গ্রাহকরা। অবশেষে সরকারের এমন সিদ্ধান্তে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিদ্যুৎ ব্যবহারকারীরা বলছেন, মাসিক চার্জের কারণে প্রতি মাসেই অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হতো, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এটি ছিল বড় বোঝা। চার্জ প্রত্যাহারের ফলে এখন তারা কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে মনে করছেন।
এদিকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে কৃতজ্ঞতা জানিয়ে নানা পোস্ট ও মন্তব্য করছেন গ্রাহকরা। তাদের মতে, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ায় সরকারের এই উদ্যোগ প্রশংসার দাবিদার।
বিশেষজ্ঞদের মতে, এ সিদ্ধান্ত গ্রাহকবান্ধব নীতির একটি ইতিবাচক উদাহরণ। এর ফলে বিদ্যুৎ খাতে মানুষের আস্থা আরও বাড়বে এবং সেবার মান উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
















