মো:আলি উল্লাহ,(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বসন্ত এসে প্রকৃতিকে সাজিয়ে তুলেছে নতুন রঙে ও প্রাণে। উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজ ও রেলপথের দুই ধারে ফুটে ওঠা শিমুল ফুলের লাল আভা যেন বসন্তের আগমনী বার্তা ছড়িয়ে দিচ্ছে চারপাশে। আগুনের শিখার মতো উজ্জ্বল লাল রঙে প্রস্ফুটিত শিমুল ফুল প্রকৃতিতে এনে দিয়েছে এক অপরূপ সৌন্দর্য।
শিমুল ফুলের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন প্রকৃতিপ্রেমী মানুষ, ফটোগ্রাফার, পথচারী ও সাধারণ দর্শনার্থীরা। লাল গালিচার মতো বিছিয়ে থাকা শিমুল ফুলের পাপড়ির উপর দিয়ে হাঁটতে হাঁটতে অনেকে ফিরে যান শৈশবের বসন্ত উৎসবের স্মৃতিতে। কেউ ক্যামেরাবন্দি করছেন এই দৃশ্য, আবার কেউ নিঃশব্দে বসে উপভোগ করছেন প্রকৃতির অনাবিল সৌন্দর্য।
বসন্তের এই রূপে উল্লাপাড়া যেন এক রূপকথার গল্পে পরিণত হয়েছে—যেখানে প্রকৃতি আর মানুষের মধ্যে গড়ে উঠেছে এক অনন্য বন্ধন। নারী-পুরুষ, শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ ছুটে আসছেন বসন্তের রঙিন মুগ্ধতা উপভোগ করতে।
এখানে ঘুরতে আসা এক নারী দর্শনার্থী জানান, “আমরা প্রতি বছরই এই সময় বসন্তের ফুল দেখতে এখানে আসি। তবে এবার আগের বছরের তুলনায় একটু কম ফুল দেখতে পাচ্ছি। তারপরও পরিবেশটা দারুণ, অনুভূতিটা খুবই রঙিন।”
সব শ্রেণির মানুষের উপস্থিতিতে উল্লাপাড়ার বসন্ত উৎসবমুখর হয়ে উঠেছে। শিমুলের লাল ফুলে রাঙানো এই প্রকৃতি যেন বসন্তের রঙিন অনুভূতিকে আরও গভীরভাবে ছড়িয়ে দিচ্ছে মানুষের হৃদয়ে।


















