মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক, শিক্ষক ও ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা, হেনস্তা ও হত্যার হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কমিটি গঠনের দাবি ইন্টার্ন চিকিৎসকরা।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিকেলে হাসপাতালের বিভাগের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে এসব দাবি তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
অভিযোগ অনুযায়ী, গত সোমবার (৫ অক্টোবর ২০২৬) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওটি কমপ্লেক্সে একদল দুষ্কৃতিকারী হাসপাতালের পরিচালকের কক্ষ থেকে তাঁকে তুলে নিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আব্দুস সালাম, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. সারওয়ার মোরশেদ আলম, ইন্টার্ন কো-অর্ডিনেটর ডা. শফিকুল ইসলামসহ অন্যান্য চিকিৎসককে অকথ্য ভাষায় গালিগালাজ, হেনস্তা ও অপমান করা হয়।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মেডিকেল কলেজের শিক্ষক ও চিকিৎসকদের পক্ষে অবস্থান নিলে ইন্টার্ন চিকিৎসকসহ সংশ্লিষ্ট শিক্ষক ও চিকিৎসকদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া গত রোববার (৪ অক্টোবর) দুই নারী ইন্টার্ন চিকিৎসক হেনস্তার শিকার হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার বাইরেও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রায়ই চিকিৎসকেরা বিভিন্ন ধরনের হামলা, হেনস্তা ও হুমকির শিকার হচ্ছেন বলে দাবি করা হয়েছে। এতে চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
ইন্টার্ন চিকিৎসকরা বলেন, চিকিৎসকদের নিরাপত্তাহীনতার কারণে এর আগেও সাময়িকভাবে চিকিৎসাসেবা কার্যক্রম থেকে বিরত থেকে প্রতিবাদ জানাতে হয়েছিল। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে চিকিৎসকেরা পুনরায় কর্মস্থলে যোগ দেন। তবে সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে আবারও গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে।
প্রতিবাদ সমাবেশ চিকিৎসক, শিক্ষক ও ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে দুটি দাবি জানানো হয়েছে। প্রথমত, গত ৫ অক্টোবরের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাস্তার শিকার ভুক্তভোগী চিকিৎসক, শিক্ষক ও ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
দ্বিতীয়ত, ভবিষ্যতে রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে চিকিৎসক, শিক্ষক ও ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা, হেনস্তা কিংবা হুমকির ঘটনা প্রতিরোধে একটি বিশেষ কমিটি গঠন করতে হবে।
এসব দাবি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, শিক্ষক ও ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।


















