মাহবুবুল হক খান দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ৪২ বিজিবির বিশেষ অভিযানে ১ কোটি ২৯ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যমানের দুষ্প্রাপ্য কষ্টি, বেলে এবং শ্বেত পাথরের খন্ডাংশ উদ্ধার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি, এসআরবি এবং এলআই বিজিবি’র একটি যৌথ দল দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলাধীর তেনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের খন্ডাংশ উদ্ধার করে।
এছাড়া অপর এক অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন চান্দোহর এলাকা হতে ৮৭ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বেলে পাথরের খন্ডাংশ, ৩০ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি শ্বেত পাথরের খন্ডাংশ, ৩৫ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের খন্ডাংশ, ১৬ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের খন্ডাংশ এবং ১৮ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের খন্ডাংশ উদ্ধার করা হয়।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধারকৃত প্রত্নবস্তুগুলোকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন। ১৯৬৮ সালের (১৯৭৬ সালে সংশোধিত) ‘পুরাকীর্তি সংরক্ষণ আইন’ অনুযায়ী এ ধরনের প্রত্নসম্পদ সংরক্ষণের দায়িত্ব সরকারের পক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওপর ন্যস্ত করা হয়েছে।
উদ্ধারকৃত দুষ্প্রাপ্য কষ্টি, বেলে এবং শ্বেত পাথরের খন্ডাংশের মোট সিজার মূল্য ১,২৯,৯০,০০০/- (এক কোটি ঊনত্রিশ লক্ষ নব্বই হাজার) টাকা।
শুক্রবার দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়ান থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, “দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।


















