আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মাহেন্দ্র বলেরো ম্যাক্সি প্লাস পিকআপ ভ্যান জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৭ লাখ ৬০ হাজার টাকা।
আটকরা হলেন কাহারোল উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নের গড়নুর গ্রামের মনমতা চন্দ্র রায়ের ছেলে রঞ্জন চন্দ্র রায় (২৮) এবং চিরিরবন্দর উপজেলার আব্দুর রশিদের ছেলে শফিকুল ইসলাম (৫২)।
পুলিশ জানায়, বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাহারোল-বোচাগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান এবং কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুর রহমান সেলিমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১১ মাইল এলাকায় ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পাশে তোফাজ্জলের দোকানের সামনে অভিযান চালানো হয়।
অভিযানে একটি মাহেন্দ্র বলেরো ম্যাক্সি প্লাস পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয় এবং গাঁজা বহনকারী পিকআপটি জব্দ করা হয়।
কাহারোল-বোচাগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান ও কাহারোল থানার ওসি সেলিমুর রহমান সেলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এই গাঁজার চালান উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাহারোল থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


















