আমিনুল ইসলাম, সিনিয়র রিপোর্টার, দিনাজপুর জেলা:
দিনাজপুরের কাহারোলে ‘জুলাই শহীদ যোদ্ধা দিবস-২০২৬’ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে শুরু হওয়া আলোচনা সভা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি আবুবকর সিদ্দিক সরকারকে এ ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “জুলাই নিয়ে কেউ যেন ব্যবসা না করে। জুলাইয়ের চেতনা ও জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে।”
জুলাই যোদ্ধা রাইয়ান বলেন, “আবু সাঈদ, মুগ্ধসহ দিনাজপুরের সব শহীদকে যথাযথভাবে স্মরণ করতে হবে। তাদের আত্মত্যাগ আমরা কখনো ভুলতে পারি না।”
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা তারিকুল ইসলাম বলেন, “আজ শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী। তিনি দুই হাত প্রসারিত করে যেভাবে আমাদের পথ দেখিয়েছেন, তা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।”
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা সভাপতি জাকিরুল ইসলাম বলেন, “জুলাই এক দিনে সৃষ্টি হয়নি। বিগত ১৭ বছরের ঘটনাপ্রবাহই ছিল জুলাইয়ের ভিত্তি, যা ২০২৪ সালের জুলাইয়ে বিস্ফোরিত হয়েছে। আমরা দেখেছি, ভিন্নমত প্রকাশের কারণে একজন শিক্ষককে শিক্ষার্থীদের সামনে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হয়েছে।”
উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা বলেন, “পলাতক ফ্যাসিবাদী শক্তির হুমকি মোকাবিলায় আমাদের ঐক্য ধরে রাখতে হবে। শহীদদের আকাঙ্ক্ষা কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।”
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা জুয়েল বলেন, “যখন দেখি জুলাইয়ের ঘটনায় অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তখন কষ্ট হয়। প্রশাসনের প্রতি আহ্বান, জুলাইকে নিয়ে কেউ যেন কটাক্ষ বা বিদ্রূপ করতে না পারে, সে বিষয়ে কঠোর নজর রাখতে হবে।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ বলেন, “জুলাই আমাদের পথপ্রদর্শক। বৈষম্য দূর করার চেতনা জাগিয়েছে জুলাই। তাই এর আদর্শ ও চেতনাকে আমাদের সংরক্ষণ করতে হবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলাইয়ের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বলেন, “জুলাই শুধু বক্তব্যের বিষয় নয়; এর চেতনাকে আমাদের জীবনে ধারণ করতে হবে। যে বৈষম্য দূর করার লক্ষ্যে জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে, তা যেন আর কখনো সমাজে ফিরে না আসে।”
এছাড়াও সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জিন্নাহ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, আবু সরফরাজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


















