মোঃ তারিকুল ইসলাম, রংপুর প্রতিনিধি:
শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী এবং নিপীড়ন বিরোধী দিবস ও আধিপত্যবিরোধী চেতনা স্মরণে রংপুরের কারমাইকেল কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কারমাইকেল কলেজ শাখার উদ্যোগে কলেজের প্রশাসনিক ভবন সংলগ্ন ভাস্কর্যের সামনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবুল হোসেন মন্ডল ও উপাধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি মো. সাজ্জাদ হোসেন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাকিব মুরাদ।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কারমাইকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মাহমুদুল হক মাসুম।
সভায় বক্তারা শহীদ আবরার ফাহাদের স্মৃতি ও তাঁর শাহাদাতের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ক্যাম্পাসে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণ প্রজন্মের দায়িত্ব নিয়ে আলোচনা করেন।
রংপুর মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারী বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ন্যায়, মানবিকতা, দায়িত্বশীলতা ও দেশপ্রেমের চর্চায় গুরুত্ব দেওয়া প্রয়োজন। ক্যাম্পাসে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও মতপ্রকাশের স্বাধীনতার পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা সভায় শহীদ আবরার ফাহাদসহ বিভিন্ন সময়ে নিহতদের স্মরণ করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ নিহত হন। তাঁর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ২০২১ সালে বিচারিক আদালত ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।


















