বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিশেষ কর্মসূচির আওতায় বসতবাড়ির আশপাশ ও সড়কের দুই ধারে সজিনা ডাল চারা কাটিং রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের পাঁচপীর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রকিবুল হাসান প্রমাণিক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো:আব্দুল বারী,উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো:আলহাজ্ব সোহাগ ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, পুষ্টি চাহিদা পূরণ এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা জানান, সজিনা একটি পুষ্টিগুণে ভরপুর গাছ হওয়ায় এর চাষাবাদ সম্প্রসারণের মাধ্যমে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাও সম্ভব।


















