জি এম রাজু আহমেদ,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
“মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে কৈখালী ইউনিয়নের নৈকাটী মাঝেরহাটিতে স্থানীয় ফুটবল মাঠে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল বিতরণ করা হয়েছে।
যুবসমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ক্লাবটি নিয়মিতভাবে শ্যামনগরের বিভিন্ন অঞ্চলে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছে।
ক্লাবের নিজস্ব অর্থায়নে ফুটবলটি ক্রয় করা হয় এবং কৈখালী ইউনিয়নের নৈকাটী এলাকার বাসিন্দা সদস্য ডা. নাসির উদ্দিনের আহ্বানে তাঁর এলাকার মাঠে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারি জিএম ইয়াসিন আরাফাত, কোষাধ্যক্ষ জি এম রাজু আহমেদ, সদস্য মোঃ রাকিবুল্যাহ সোহাগ এবং সদস্য ডা. নাসির উদ্দিনসহ অন্যান্যরা।
পরবর্তীতে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে ফুটবলটি স্থানীয় খেলোয়াড়দের হাতে তুলে দেন।
এ সময় শ্যামনগর উপজেলা ক্লাবের সেক্রেটারি জিএম ইয়াসিন আরাফাত বলেন,
“যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
আমরা চাই তরুণরা মাঠমুখী হোক, সুস্থ থাকুক এবং একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখুক।”
এদিকে সদস্য মোঃ রাকিবুল্যাহ সোহাগ বলেন,
“খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি মানুষকে শৃঙ্খলাবোধ ও ইতিবাচক চিন্তাধারায় উদ্বুদ্ধ করে।
আমরা চাই এই উদ্যোগের মাধ্যমে প্রতিটি এলাকায় খেলাধুলার পরিবেশ গড়ে উঠুক।”
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ যুবকদের মাঝে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজ থেকে মাদক দূরীকরণে সহায়ক হবে।


















