জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার মেধাবী শিক্ষার্থী সারা মোস্তফা এ বছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। সে শার্শার পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে এই সাফল্য অর্জন করে।
এর আগে ২০২২ সালে শাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল সারা। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ও পরিশ্রমী হিসেবে সে শিক্ষকদের কাছে প্রশংসিত।
সারার বাবা মোস্তফা কামাল ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারের একজন ঔষধ ব্যবসায়ী এবং মা নাজমিন আক্তার শাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। মেয়ের এমন ধারাবাহিক সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসী আনন্দিত।
ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন দক্ষ চিকিৎসক হিসেবে মানুষের সেবা করতে চায় সারা। সে সকলের কাছে দোয়া কামনা করেছে।


















